রাজধানী ঢাকায় শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর ঢাকার আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে বিদ্যুৎ চমকানোর সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়।
হঠাৎ বৃষ্টির কারণে রাস্তায় থাকা অনেক পথচারী বিপাকে পড়েন। কেউ ছাতা ব্যবহার করেন, আবার অনেকে আশপাশের দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।
রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র নামের এক পথচারী। তিনি বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সঙ্গে ছাতা ছিল না। এছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না, ফলে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করতে হচ্ছে।
আকস্মিক এ বৃষ্টিতে রাজধানীর কিছু সড়কে যান চলাচলেও ধীরগতি দেখা গেছে বলে জানা গেছে।





