আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক মিজানুর রহমান মুরাদ। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাজনীতির অঙ্গীকার নিয়ে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া কামনা করেছেন।
মিজানুর রহমান মুরাদ বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতিই পারে মুক্তাগাছার আপামর জনসাধারণের আর্থিক মুক্তির পথ তৈরি করতে। দারিদ্র্যপীড়িত, নিরক্ষর ও ভৌগোলিকভাবে পিছিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার পাশাপাশি প্রশাসনের আন্তরিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। এতে সমাজে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ মুক্তাগাছা গড়ে তোলাই তার মূল লক্ষ্য। একই সঙ্গে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মুরাদ বলেন, স্বাস্থ্যখাতের সীমাহীন অব্যবস্থাপনা, কৃষি ও শিল্পখাতের দৈন্যদশা এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন ক্ষেত্রে যে উদাসীনতা রয়েছে, তা দূর করতে রাজনৈতিক অভিভাবকদের সুদৃষ্টি প্রয়োজন। জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করেন, তাহলে রাষ্ট্র ও সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের মাধ্যমে তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে মুক্তাগাছাকে একটি সুখী, স্বনির্ভর, সমৃদ্ধ ও আধুনিক জনপদে রূপান্তর করতে চান তিনি।
দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মিজানুর রহমান মুরাদ বলেন, বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সুযোগ পেলে তিনি মুক্তাগাছার সার্বিক উন্নয়নে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।







