শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি ও হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধারসহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা সূত্রে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তাদের কাছ থেকে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ রাত ১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারদের তথ্য অনুযায়ী একই দিন দুপুর ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College & Hospital’ এর হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় হোস্টেলের একটি কক্ষ থেকে ছড়ানো অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে সংগ্রহ করত এবং পরে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করত।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন